ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) প্রস্তাবিত ভারত সফর নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ঢাকার তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সফরের জন্য আগে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি হওয়া প্রয়োজন। সেই পরিবেশ তৈরির ক্ষেত্রে ভারতের কাছে একাধিক দাবি জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শহিদুল করিম জানিয়েছেন, তারেক রহমানের ভারত (India) সফরের সম্ভাবনা নিয়ে দু’দেশের প্রধানদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে। তবে ৫ অগস্ট নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর সেই প্রক্রিয়ায় প্রভাব পড়েছে বলে দাবি ঢাকার।
আরও খবর : মস্কোয় ভয়াবহ ড্রোন হামলা, আগুনে পুড়ল ওয়াইল্ডবেরিজ়ের বিশাল গুদাম
শহিদুল করিমের বক্তব্য, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা-সহ অন্য পলাতক অভিযুক্তদের প্রত্যর্পণের অনুরোধ দ্রুত কার্যকর করার জন্য ভারতকে বলা হয়েছে। পাশাপাশি শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। দু’দেশের প্রত্যর্পণ চুক্তি মেনে এই পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মেনেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ঢাকা। সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন তিনি।
ফলে তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর এখন অনেকটাই নির্ভর করছে নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের উপর। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান কী হয়, সেদিকেই নজর রয়েছে বাংলাদেশের।







