HomeScrollঅভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই...
Abhishek Banerjee

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে তাঁর বিরুদ্ধে হালকা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে আদালত।

মামলার সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট পুলিশকর্মী প্রথমে গাড়ির চালক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে অসুস্থতার কারণে তিনি তুলনামূলক হালকা দায়িত্ব দেওয়ার আবেদন জানান। পরে ২০০৭ সালে পুলিশ বিভাগের গাড়িচালকদের তদারকির দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

অভিযোগ, ২০২৩ সালে ‘শান্তিনিকেতন’-এর সামনে একটি টয়লেট ভ্যান সরানোর সময় সেটি অসাবধানতাবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে ঘষে যায়। ঘটনার পরই ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। পরে সাসপেনশন প্রত্যাহার করা হলেও তদন্তে তাঁকে দায়ী করা হয় এবং চাকরি সংক্রান্ত শাস্তিমূলক পদক্ষেপ করা হয়।

প্রশাসনের তরফে আদালতে জানানো হয়েছিল, ঘটনাটি উচ্চ নিরাপত্তার এলাকার মধ্যে ঘটায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন ওই পুলিশকর্মী।

মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে গাড়ির ঘষা লাগার ঘটনাকে কেন্দ্র করে এতটা কঠোর শাস্তি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে মামলার সূত্রে জানা যাচ্ছে।

তবে আদালত একই সঙ্গে জানিয়েছে, প্রয়োজনে ওই কর্মীর বিরুদ্ধে তুলনামূলক হালকা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

অর্থাৎ, ঘটনাটিকে কেন্দ্র করে বিভাগীয় পদক্ষেপ পুরোপুরি বাতিল না হলেও চাকরি থেকে বরখাস্তের মতো কঠোর শাস্তি বহাল থাকল না। আদালতের এই নির্দেশের ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরিতে যোগ দেওয়ার পথ খুলল ওই পুলিশকর্মীর।

[youtube-feed feed=1]
Read More

Latest News