ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অন্য দিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজুর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্রজেশ সিং। এই বিষয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে চিঠি দিয়েছেন তিনি।
মহুয়া মৈত্রের (Mahua Moitra) অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় নিয়ম না মেনেই নতুন ভোটারদের কাছ থেকে অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে। ফর্ম ৬-এ নতুন ভোটারের বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুমা আগের এসআইআরের ভোটার তালিকায় ছিলেন কি না, তা জানতে চাওয়া হচ্ছে বলে দাবি তাঁর। মহুয়ার বক্তব্য, নিয়ম পরিবর্তন না করে এই ধরনের তথ্য চাওয়া যায় না। তা সত্ত্বেও এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আরও খবর : ১ অক্টোবর থেকে গ্যাসের নিয়মে বড় বদল, আধার বায়োমেট্রিক না করলে মিলবে না ভর্তুকি
আরও খবর : পশ্চিমবঙ্গের এসআইআরে বিচারবিভাগীয় আধিকারিকদের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়া ১৬.১০ লক্ষ নামের বিরুদ্ধে কারা আপিল করেছেন, সেই প্রশ্নও তুলেছেন মহুয়া। পাশাপাশি নির্বাচন কমিশনের ডিজি (আইটি) সীমা খান্নার সঙ্গে মিলে জ্ঞানেশ কুমার ভোটার তালিকায় ইচ্ছেমতো পরিবর্তন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিএলও এবং ইআরওদের অ্যাকসেস বন্ধ করে এই কাজ করা হয়েছে বলেও দাবি তৃণমূল সাংসদের।
বুধবার একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, গত ১০ মাসে কমিশনের ১৪টি সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন মতামত উঠে আসা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে হয়েছে বলেও জানিয়েছে কমিশন। এর মধ্যেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে বিরোধীরা।







