HomeScrollরাতে রাস্তায় বাস রাখলেই জরিমানা! ৭০০ টাকা দিলেই মিটবে জট, বাসমালিকদের ‘স্বস্তি’র...
Arjun Singh

রাতে রাস্তায় বাস রাখলেই জরিমানা! ৭০০ টাকা দিলেই মিটবে জট, বাসমালিকদের ‘স্বস্তি’র বার্তা অর্জুনের

নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা দিলেই সমস্যার সমাধান হতে পারে

কলকাতা: রাতে রাস্তার ধারে বাস রাখলেই জরিমানা, পুলিশের ধরপাকড়, নাইট পার্কিং নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় বাসমালিকরা। এবার সেই জট কাটাতে নতুন সমাধানের কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তাঁর বক্তব্য, নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা দিলেই সমস্যার সমাধান হতে পারে।

রবিবার কাঁকিনাড়ার নারায়ণপুর স্টেডিয়ামে একটি ফুটবল ফাইনালে যোগ দিতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন পরিবহণমন্ত্রী। তাঁর দাবি, নাইট পার্কিংয়ের জন্য নির্দিষ্ট টাকা দেওয়ার ব্যবস্থা করা হলে বাসমালিকদের আর সমস্যায় পড়তে হবে না। তাঁর কথায়, বিষয়টি নিয়ে অযথা জটিলতা তৈরি হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় রাস্তার উপর বেআইনিভাবে বাস দাঁড় করানো নিয়ে পুলিশি তৎপরতা বেড়েছে। অনুমতি ছাড়া বাস পার্ক করলে জরিমানা করা হচ্ছে বলেও অভিযোগ বাসমালিকদের। এর ফলে রাতের বেলায় বাস রাখার জায়গা নিয়ে তৈরি হয়েছে সমস্যা।

অন্যদিকে, বাইপাস-সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাস এক সারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন অর্জুন। তাঁর বক্তব্য, সব সিদ্ধান্তের ভার আমলাতন্ত্রের উপর ছেড়ে দিলে সমস্যা তৈরি হয়। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বেরও ভূমিকা থাকা প্রয়োজন।

পরিবহণ দপ্তরের আধিকারিক নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে একজন যোগ্য আইএএস আধিকারিককে ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দপ্তরের কাজের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

দ্রুত প্রশাসনিক পদক্ষেপের উদাহরণ হিসেবে বর্ধমানে ১৩০টি মিনিবাসের ধর্মঘটের প্রসঙ্গও তুলে ধরেন অর্জুন। তাঁর দাবি, গভীর রাতে ধর্মঘটের খবর পাওয়ার পরই তিনি প্রিন্সিপাল সেক্রেটারিকে বিষয়টি জানান। পরে জেলাশাসকের মাধ্যমে দ্রুত পদক্ষেপ করা হয়।

তবে ৭০০ টাকা দেওয়ার বিষয়টি পরিবহণমন্ত্রীর বক্তব্য হিসেবেই সামনে এসেছে। এর বাস্তবায়নের বিস্তারিত নিয়মকানুন এখনও স্পষ্ট নয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News