HomeBig newsপুজোর আগেই কাটছে বর্ষার দাপট, স্বস্তির পূর্বাভাস বাংলায়! আগামী ৭ দিন কেমন...
Weather Update

পুজোর আগেই কাটছে বর্ষার দাপট, স্বস্তির পূর্বাভাস বাংলায়! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

নতুন নিম্নচাপের আশঙ্কা নেই, কমবে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া, কলকাতায় অস্বস্তিকর গরম, উত্তরবঙ্গে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা।

ওয়েব ডেস্ক : পুজোর কাউন্টডাউন শুরু হতেই আবহাওয়ার পূর্বাভাসেও (Weather Update) মিলল স্বস্তির ইঙ্গিত। বর্ষার শেষ পর্ব পেরিয়ে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ (West Bengal)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের বেশিরভাগ অংশেই বৃষ্টির দাপট কমবে। আপাতত নতুন করে কোনও নিম্নচাপ তৈরির সম্ভাবনাও নেই।

দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। আগামী সাত দিনে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তার স্থায়িত্ব বা বিস্তার খুব বেশি হবে না। ফলে পুজোর আগে ধীরে ধীরে পরিষ্কার আকাশের দেখা মিলবে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যে হালকা বৃষ্টি হয়েছে, আগামী দিনে তার প্রবণতাও কমে আসবে। বিশেষ করে পুজোর প্রস্তুতির ব্যস্ত সময়ে নতুন করে নিম্নচাপ না আসায় স্বস্তিতে প্রশাসন থেকে সাধারণ মানুষ।

আরও খবর : মহালয়ার আগেই শহরের রাস্তা সারাইয়ের লক্ষ্যমাত্রা! হাতে মাত্র ৯ দিন, কলকাতার প্রায় ১৫০টি রাস্তা মেরামতির উদ্যোগ

তবে বৃষ্টি কমলেও কলকাতার (Kolkata) গরম এখনই পুরোপুরি কাটছে না। শহর ও সংলগ্ন এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকতে পারে ভ্যাপসা ভাব। অর্থাৎ আকাশে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কমলেও দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গে (North Bengal) অবশ্য আগামী ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের দু-এক জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News