কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার (West Bengal Voter List) বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ। সোমবার বিকেলে প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) । মুখ্য নির্বাচনী আধিকারিক (Election Commission) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ‘বিচারাধীন’ বা সন্দেহজনক তালিকাভুক্ত ভোটারদের নথি যাচাই শেষে যাঁদের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তাঁদের নামই এই তালিকায় থাকবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে পারে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই যাচাই প্রক্রিয়ার জন্য ট্রাইবুনাল গঠন করা হয়েছে। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা এই ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: ২৩ মার্চেই প্রকাশ্যে আসবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নবান্নের কড়া সতর্কতা
প্রথম সাপ্লিমেন্টারি তালিকা দু’টি ভাগে প্রকাশ করা হবে। একদিকে ‘যোগ্য’ হিসেবে বিবেচিত ভোটারদের নাম, অন্যদিকে ‘ডিলিটেড’ অর্থাৎ যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে। কমিশন সূত্রে ইঙ্গিত, প্রতি সপ্তাহে শুক্রবার করে এভাবে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে।
এখনও পর্যন্ত প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার ‘বিচারাধীন’ ভোটারের নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে, রবিবারের শেষে এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। রাজ্য জুড়ে ৭০০-র বেশি বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারক এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। গড়ে প্রতিদিন প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। কমিশনের আশা, এই গতিতে কাজ চললে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই পুরো ‘অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়া শেষ হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত অসম্পূর্ণ ভোটার তালিকায় ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিবেচনাধীন’ ছিল। সেই তালিকার নিষ্পত্তির কাজই এখন দ্রুত গতিতে চলছে। তবে এই প্রক্রিয়াকে ঘিরে যাতে কোনও অশান্তি না হয়, সে বিষয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে জেলাশাসকদের সতর্ক করা হয়েছে।







