ওয়েব ডেস্ক: দিল্লিতে (Delhi) ‘জেন জি’ (Gen Z Protest) পড়ুয়াদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পথে নামল ‘জেন আলফা’ (Gen Alpha Protest)। স্কুলে ন্যূনতম পরিকাঠামোর দাবিতে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাল নবম থেকে দ্বাদশ শ্রেণির কয়েকশো পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার কিষাণপুরের সর্বোদয় ইন্টার কলেজে।
পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে বিদ্যুৎ সংযোগ কার্যত অচল। শ্রেণিকক্ষে নেই পর্যাপ্ত পাখা, পানীয় জলেরও সঠিক ব্যবস্থা নেই। বেঞ্চ-ডেস্কের অবস্থাও অত্যন্ত খারাপ। একাধিকবার স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে রাস্তায় নামে। জাতীয় পতাকা, ড. বি আর আম্বেদকরের ছবি এবং বিভিন্ন দাবি-সংবলিত পোস্টার হাতে বিক্ষোভে সামিল হয় তারা।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবি তুললে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। তীব্র গরমে পাখা না থাকায় বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। কয়েকজন শিক্ষক দুর্ব্যবহারের অভিযোগও তোলে ছাত্রছাত্রীরা।
আন্দোলনের জেরে দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। জেলা স্কুল পরিদর্শক রাকেশ কুমার জানান, পড়ুয়াদের প্রায় সব দাবিই মেনে নেওয়া হয়েছে। আগামী দিনের মধ্যেই প্রতিটি শ্রেণিকক্ষে চারটি করে পাখা বসানো হবে এবং বিদ্যুতের সংযোগ মেরামত করা হবে। এক মাসের মধ্যে নতুন বেঞ্চ-ডেস্ক সরবরাহ, পানীয় জলের জন্য ওয়াটার কুলার বসানো এবং মিড-ডে মিলের মেনু উন্নত করারও আশ্বাস দেওয়া হয়েছে।
তবে বিজ্ঞান বিভাগের জন্য আলাদা ল্যাব তৈরির দাবি আপাতত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। কারণ, তার জন্য উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। উল্লেখ্য, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে সাধারণত ‘জেন আলফা’ নামে অভিহিত করা হয়।







