কলকাতা: রবিবার সন্ধ্যায় টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Passes Away)। শ্যুটিং করতে গিয়ে দিঘা সংলগ্ন তালসারি সৈকতে সমুদ্রে (Talsari Sea Beach) তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গোটা টিম গিয়েছিল তালসারি সৈকত এলাকায়। রবিবার সকাল থেকেই চলছিল শ্যুটিং। ইউনিটের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee), নীল, মধুমিতা চক্রবর্তী, সাহানা-সহ অনেকে।
জানা গিয়েছে, বিকেল তিনটে নাগাদ অধিকাংশ শিল্পীর শ্যুটিং শেষ হয়ে যায়। তবে রাহুলের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি ছিল, যেখানে তাঁকে নৌকায় করে সমুদ্রে যেতে হয়। সেই শটের সময়ই আচমকা জলে পড়ে যান তিনি এবং তলিয়ে যান (Drowned) বলে খবর মিলেছে প্রাথমিকভাবে। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: অভিনয়ে ‘অমর’ রাহুল, ফিরে দেখা অভিনেতার টলিউড জার্নি…
এই ঘটনায় শোকস্তব্ধ সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, প্যাকআপের পর কিছুক্ষণের মধ্যেই তিনি খবর পান রাহুল জলে ডুবে গিয়েছেন। পরে জানা যায়, তাঁকে আর বাঁচানো যায়নি। তিনি আরও বলেন, এই ঘটনায় কোনওরকম মাদক গ্রহণের বিষয় ছিল না। তবে যতটুকু খবর মিলেছে, সমস্তটাই প্রাথমিকভাবে। এখনও ঘটনার তদন্ত বাকি।
টলিউড ইন্ডাস্ট্রিতে রাহুল ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় মুখ। থিয়েটার থেকেই তাঁর অভিনয়জীবনের শুরু। দীর্ঘদিন মঞ্চে কাজ করার পর টেলিভিশনে বড় ব্রেক পান ‘খেলা’ ধারাবাহিকে আদিত্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর বড় পর্দায়ও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। বিশেষ করে চিরদিনই তুমি যে আমার ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তাঁর বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। অভিনয়ের পাশাপাশি তাঁর পডকাস্ট ‘সহজ কথা’-ও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। সাম্প্রতিক সময়ে আবার ধারাবাহিকে ফিরেছিলেন তিনি এবং ‘ভোলে বাবা পার করেগা’-তে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়োচ্ছিল। এই অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউডে।
দেখুন আরও খবর:







