কলকাতা: বড় প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে না পারার জেরে শেষ পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতির পদ হারালেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গজল জাফরকে।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব নেওয়ার সময় মহামেডানের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর করার আশ্বাস দিয়েছিলেন হুমায়ুন কবীর। তিনি ক্লাবকে অন্তত ২৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি প্রায় ১৩ কোটি টাকার দেনা মেটানোর কথাও জানিয়েছিলেন। কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: দমদম বিমানবন্দরে কোটি টাকার গয়না উদ্ধার, ধৃত ১
উল্টে অভিযোগ, হুমায়ুন কবীরের স্বাক্ষর করা একাধিক চেক পরপর বাউন্স করে। সূত্রের দাবি, প্রায় দেড় কোটি টাকার চেক জমা দেওয়া হলেও ক্লাবের অ্যাকাউন্টে কোনও অর্থ পৌঁছয়নি। এই ঘটনার পর থেকেই ক্লাব কর্তাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।
সোমবার ক্লাবের পক্ষ থেকে হুমায়ুন কবীরকে আইনি নোটিস পাঠানো হয়। সেখানে চেক বাউন্সের ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং বিষয়টিকে আইনগতভাবে গুরুতর বলেও উল্লেখ করা হয়। নোটিসের পরও সন্তোষজনক কোনও জবাব বা আর্থিক নিষ্পত্তি না হওয়ায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে সভাপতির পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয় কার্যকরী কমিটি।
মহামেডান কর্তাদের বক্তব্য, ক্লাবের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। সেই কারণেই নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এদিকে হুমায়ুন কবীরের অপসারণের ঘটনায় বাংলার ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ক্লাবের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে এখন সকলের নজর মহামেডান স্পোর্টিংয়ের দিকেই।







