কলকাতা: রাজ্যপালের আমন্ত্রণ রক্ষা করে ইদের সন্ধ্যায় লোকভবনের চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সন্ধ্যায় লোকভবনে পৌঁছে গাড়ি থেকে নামতেই সাংবাদিকদের উদ্দেশে তিনি স্পষ্ট করে দেন এটি কোনও বৈঠক বা আলোচনা নয়, নিছকই সৌজন্য সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীর পৌঁছনোর কিছুক্ষণ আগেই লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির (RN Ravi) সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি (BJP) সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ফলে রাজনৈতিক মহলে এই সাক্ষাৎ ঘিরে জল্পনাও তৈরি হয়।
মার্চের শুরুতেই বাংলায় রাজ্যপাল বদলের নজিরবিহীন ঘটনা ঘটে। বিধানসভা নির্বাচনের মুখে আচমকাই পদত্যাগ করেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় তামিলনাড়ুর তৎকালীন রাজ্যপাল রবীন্দ্রনাথ রবি বাংলার নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন এবং ১২ মার্চ শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলার সংস্কৃতি ও আতিথেয়তার কথা নতুন রাজ্যপালকে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।”
শপথের পরেই মমতাকে সান্ধ্য চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। সেই আমন্ত্রণেই সাড়া দিয়ে ইদের দিন লোকভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, এর পিছনে কোনও বিশেষ কারণ বা রাজনৈতিক এজেন্ডা নেই, শুধু আমন্ত্রণ রক্ষা করতেই আসা।
তবে সাম্প্রতিক অতীতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্ক যে তিক্ততার পর্যায়ে পৌঁছেছিল, সেই প্রেক্ষাপটে এই সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উভয় পক্ষের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় এটি এক ধাপ এগোনো বলেই মত পর্যবেক্ষকদের।







