কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল হেস্টিংস থানার পুলিশ। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য এবং রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সেই অভিযোগেই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শুক্রবার কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সভার জন্য কলকাতা হাই কোর্ট একাধিক শর্ত দিয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, সভায় দেড় হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।
অভিযোগ, সভা চলাকালীন সেই নির্দেশ মানা হয়নি। সভায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়। রাস্তার এক পাশে থাকা লোকজনও ব্যারিকেড টপকে সভাস্থলের দিকে চলে আসেন বলে অভিযোগ। এর জেরে ক্যাথিড্রাল রোডের যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।
আরও খবর : নেপালে হঠাৎ এই দুর্যোগের আসল কারণ কী জানেন?
ঘটনাটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, হাই কোর্টের নির্দেশে রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখার কথা থাকলেও তা মানা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে হাইকোর্টে বিষয়টি নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী।
এর পরেই শনিবার মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে হেস্টিংস থানার পুলিশ। আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেন, রাজ্যে এখন নতুন সরকার চলছে এবং কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
মামলা ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন নজর, আদালতে এই মামলার পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে যায়।







