HomeScrollডেঙ্গি রুখতে ‘স্পেশাল ড্রাইভ’, এসপ্ল্যানেডে অগ্নিমিত্রা, পুরসভা-মেট্রোর যৌথ অভিযান চলবে রাজ্য জুড়েই
Agnimitra Paul

ডেঙ্গি রুখতে ‘স্পেশাল ড্রাইভ’, এসপ্ল্যানেডে অগ্নিমিত্রা, পুরসভা-মেট্রোর যৌথ অভিযান চলবে রাজ্য জুড়েই

আগামী দিনেও তা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে

কলকাতা: বর্ষার মরসুমে ডেঙ্গির প্রকোপ রুখতে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Corporation) এবং মেট্রো রেল। শনিবার এসপ্ল্যানেড মেট্রো (Esplanade Metro) স্টেশন থেকে শুরু হল এই যৌথ অভিযান। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ কর্মসূচি। তবে এই অভিযান শুধু কয়েক দিনের জন্য নয়, আগামী দিনেও তা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে এবং মেট্রোর পিসিএমও ড. রীনা মুখোপাধ্যায়ের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সূচনায় উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ডেঙ্গি নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

অগ্নিমিত্রা বলেন, ‘‘এটা কেবল সরকারের একার লড়াই নয়, একে গণআন্দোলনে পরিণত করতে হবে।’’ বাড়ি কিংবা টবে জল জমতে না দেওয়া এবং নিয়মিত জলের ট্যাঙ্ক পরিষ্কার রাখার উপরেও জোর দেন তিনি।

আরও খবর : নেপালে হঠাৎ এই দুর্যোগের আসল কারণ কী জানেন?

শুধু এসপ্ল্যানেড নয়, শহরের সমস্ত মেট্রো স্টেশন এবং সংলগ্ন এলাকা, দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশন ও ট্রেনের কারশেড এবং রেল আবাসন এলাকাতেও অভিযান চালানো হবে। পরিত্যক্ত জমি বা প্রাঙ্গণে ঝোপঝাড়ের মধ্যে জল জমে থাকলে কিংবা জল জমার সম্ভাবনা থাকলে সংশ্লিষ্ট জমির মালিককে পুরসভার ৪৯৬ ধারায় নোটিস দেওয়া হবে।

অভিযানের পাশাপাশি শহর পরিষ্কার রাখার ক্ষেত্রেও কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বা যত্রতত্র নোংরা ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রকাশ্যে থুতু বা নোংরা ফেলার ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। অভিযুক্তকে দিয়ে সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার করানোর পাশাপাশি সেই কাজের ছবি বা ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে প্রকাশ করার কথাও বলা হয়েছে।

পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী দিনে সেচ দফতর, পূর্ত দফতর-সহ অন্যান্য সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় করে রাজ্যজুড়ে এই ধরনের অভিযান চালানো হবে।

অর্থাৎ, ডেঙ্গি নিয়ন্ত্রণে এ বার শুধু সচেতনতার প্রচার নয়, নজরদারি এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উপরেও জোর দিচ্ছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News