ওয়েব ডেস্ক : সল্টলেকের (Salt Lake) সেক্টর-১-এর AE ব্লকের একটি বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির দেহ। বৃহস্পতিবার সকালে বাড়ির শোওয়ার ঘর থেকে সজলকুমার কুণ্ডু (৬৪) ও তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডুর (৬১) দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে একাধিক দিক খতিয়ে দেখা শুরু করেছে বিধাননগর উত্তর থানার তদন্তকারীরা।
ঘটনার সূত্রপাত এদিন সকালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে সিদ্ধার্থ কুণ্ডু দীর্ঘক্ষণ ফোন করেও বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি এক প্রতিবেশীকে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ করেন। কিন্তু বাইরে থেকে ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় পরে নিজেই বাড়িতে এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। শোওয়ার ঘরে ঢুকেই তিনি বাবা-মায়ের নিথর দেহ দেখতে পান।
আরও খবর : সপ্তম বেতন কমিশনে বড় রদবদল, চেয়ারম্যান পদে নবীন প্রকাশ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। তদন্তকারীরা দেখতে পান, রঞ্জনা কুণ্ডু খাটের উপর পড়ে রয়েছেন, আর সজলকুমার কুণ্ডুর দেহের একটি অংশ বিছানায় ও বাকি অংশ নিচের দিকে ঝুলে রয়েছে। প্রাথমিক তদন্তের সময় ঘরের ভিতর থেকে একটি পোকা মারার বিষের বোতল উদ্ধার হয়। সেই সূত্র ধরে আত্মহত্যার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রীর ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো হচ্ছে না। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।







