কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের গঠিত সপ্তম বেতন কমিশনে (7th Pay Commission) বড় পরিবর্তন। কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা প্রাক্তন অর্থসচিব অতনু চক্রবর্তীর পরিবর্তে দায়িত্ব পেলেন প্রাক্তন আইএএস অফিসার নবীন প্রকাশ। গত ২২ জুলাই কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছিল অর্থ দপ্তর। সেই ঘোষণার মাত্র আট দিনের মাথায় চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমিশনের কাজের পরিধি বা নীতিগত কোনও পরিবর্তন হয়নি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একই দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত সপ্তম বেতন কমিশন গঠনের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কমিশনের কাজের পরিধি বা ‘টার্মস অব রেফারেন্স’-ও ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্য সরকার।
আরও খবর : ডেঙ্গু রুখতে স্কুলের পোশাকে বড় বদল, ফুল শার্ট-প্যান্ট বাধ্যতামূলক, মেয়েদেরও ঢাকতে হবে পা
এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই সরকারি, সরকার-পোষিত এবং আধা-সরকারি কর্মীদের বেতন কাঠামো, পদোন্নতির নীতি, পেনশনভোগীদের পেনশন সংশোধন এবং ডিএ ও ডিআর বৃদ্ধির হার নির্ধারণ করা হবে। কমিশনকে আগামী ছ’মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে বেতন বৃদ্ধির সুপারিশ করার আগে একই পদে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোও খতিয়ে দেখতে। ফলে রাজ্য ও কেন্দ্রের বেতন কাঠামোর মধ্যে সামঞ্জস্যের বিষয়টিও কমিশনের বিবেচনায় থাকবে। চেয়ারম্যান পরিবর্তনের পরও কমিশনের নির্ধারিত সময়সীমা অপরিবর্তিত রয়েছে। তাই দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর এখন সপ্তম বেতন কমিশনের সুপারিশের দিকেই।







