শ্রীরামপুর: তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে বিতর্কের আবহে এবার প্রকাশ্যে এল তাঁর শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া। সুমিত রায়ের খোঁজে হুগলির (Hooghly) শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছন সাংবাদিকরা। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে ক্ষোভ প্রকাশ করেন সুমিতের শাশুড়ি।
শনিবার ভোরে সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে তাঁর সন্ধান মেলেনি। বর্তমানে তিনি ফেরার বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর সাংবাদিকরা শ্রীরামপুরের বিবেকানন্দ সরণিতে অবস্থিত তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছন। সুমিত রায় কোথায় রয়েছেন, সেই প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন তাঁর শাশুড়ি।
তিনি বলেন, “আপনারা খুঁজে দেখুন ও কোথায়। আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন, আপনাদের সাম্রাজ্য। এখানে কোনও রাজনীতি হয় না। আমাদের বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন। জানলা দিয়ে ক্যামেরা পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছেন।”
একইসঙ্গে তিনি দাবি করেন, গত কয়েকদিন ধরে সুমিত রায় শ্বশুরবাড়িতে আসেননি। এরপর আর কোনও মন্তব্য না করে তিনি সেখান থেকে চলে যান। পরে পরিবারের আরেক সদস্য জানলা বন্ধ করে দেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মেদিনীপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজয় হাজরা অভিযোগ করেছিলেন, ভোটে প্রার্থী করার নাম করে সুমিত রায় মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন ধরে শনিবার ভোরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। যদিও অভিযুক্তের কোনও খোঁজ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সুমিত রায়ের খোঁজে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।







