কলকাতা: কলকাতার (Kolkata) মা উড়ালপুলে (Maa Flyover) ফের চিনা মাঞ্জার জেরে গুরুতর জখম হলেন এক শিক্ষিকা। শনিবার রাতে অ্যাপ-বাইকে বাড়ি ফেরার পথে আচমকাই তাঁর মুখে জড়িয়ে যায় চিনা মাঞ্জা। তাতে নাক, মুখ-সহ মুখমণ্ডলের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়। গুরুতর অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তিনি স্থিতিশীল।
আহতের নাম এশা মণ্ডল। দুর্গাপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন এবং শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে অ্যাপ-বাইকে মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় আচমকাই মুখে জড়িয়ে যায় চিনা মাঞ্জা। বাইকচালক সামনে সুতো দেখতে পেয়ে মাথা নিচু করলেও পিছনে বসা এশা তা বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে।
আরও খবর : দফায় দফায় বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা দেখেন, তাঁর মুখের ক্ষতস্থানে কাচের গুঁড়ো ঢুকে রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, চশমা পরে থাকায় তাঁর চোখে আঘাত লাগেনি, ফলে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে।
হাসপাতালে শুয়ে এশা জানান, প্রথমে তিনি বুঝতেই পারেননি কী হয়েছে। তাঁর কথায়, সুতোটি মুখে লাগার সঙ্গে সঙ্গে তীব্র আঘাত অনুভব করেন। পরে চিকিৎসকদের কাছ থেকেই জানতে পারেন, চিনা মাঞ্জার আঘাতেই তিনি জখম হয়েছেন।
উল্লেখ্য, চিনা মাঞ্জার ব্যবহার প্রশাসনের তরফে নিষিদ্ধ। তা সত্ত্বেও কলকাতা ও সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই এমন দুর্ঘটনার খবর সামনে আসে। গত বছর খড়দার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু হয়েছিল এক প্রাক্তন সেনাকর্মীর। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ফের নিষিদ্ধ মাঞ্জার বিরুদ্ধে কড়া নজরদারির দাবি উঠেছে।







