কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি (Bay Of Bengal) সমুদ্রের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার, ১২ অগস্টের মধ্যেই সেটি পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হতে পারে (Rain Forecast)। তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে (Weather Update)।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তিশালী হলে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা দু’টিই বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতিও একই রকম। সোমবার রাত থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতেও বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে বেশি হতে পারে।
বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পথে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বর্ষার মেজাজ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।
সব মিলিয়ে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ফলে বর্ষার এই পর্বে আপাতত স্বস্তির সম্ভাবনা কমই দেখছে হাওয়া অফিস।







