ওয়েব ডেস্ক : আয়ুষ্মান ভারতে (Ayushman Bharat) নিয়মভঙ্গের অভিযোগ! তার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র (Central government)। লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, এখনও পর্যন্ত ২,৩৫৯টি হাসপাতালকে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১,২০০টি হাসপাতালকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
ভুয়ো দাবি, অনুমোদনহীন বিল এবং প্রকল্পের নিয়ম লঙ্ঘনের মতো অভিযোগের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সরকার। অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। কেন্দ্রের দাবি, আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ।
আরও খবর : পড়ুয়াদের উপর পুলিশি অভিযান, এ নিয়ে সংসদে আলোচনায় রাজি অমিত শাহ!
প্রতারণা শনাক্ত করতে প্রযুক্তির সাহায্যও বাড়ানো হয়েছে। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের অ্যান্টি-ফ্রড ইউনিট কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে সন্দেহজনক দাবির উপর নজর রাখছে। একই রোগীর নামে একাধিক দাবি, পরিচয় অপব্যবহার, অস্বাভাবিক বিল কিংবা অপ্রয়োজনীয় চিকিৎসার মতো বিষয় ধরা পড়লেই স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা তৈরি হচ্ছে। সরকারের দাবি, ৩১ জুলাই পর্যন্ত এই ব্যবস্থার মাধ্যমে ৬৭৬.১৪ কোটি টাকার সম্ভাব্য ক্ষতি আটকানো গিয়েছে।
এদিকে ২০২৫-২৬ অর্থবর্ষে আয়ুষ্মান ভারতে (Ayushman Bharat) ৩.৭৫ কোটি নতুন কার্ড তৈরি হয়েছে। ২ কোটি ৭৪ লক্ষ ক্ষেত্রে হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের আওতায় ৩৮,৪৩৭টি হাসপাতাল রয়েছে। এর মধ্যে ২০,৩৬৩টি সরকারি এবং ১৮,০৭৪টি বেসরকারি হাসপাতাল। প্রকল্পের সুবিধা নেওয়ার আগে সংশ্লিষ্ট হাসপাতালটি এখনও তালিকাভুক্ত রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।







