ওয়েব ডেস্ক: প্রশ্নফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড (Jharkhand)
। একের পর এক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানালেন আন্দোলনরত পড়ুয়ারা। দাবি পূরণ না হলে আগামী সোমবার ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ চলছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ আরও তীব্র হয়েছে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলন শুরু করেছেন পরীক্ষার্থীরা। সেখানে অনশনেও বসেছেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো।
আরও পড়ুন: যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত তরুণ তেজপাল
আন্দোলনকারীদের মূল দাবি তিনটি, নিয়োগে অনিয়মের নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষা স্থগিত রাখা এবং গোটা নিয়োগ ব্যবস্থার সংস্কার করে যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা।
পড়ুয়াদের অভিযোগ, সরকার এখনও তাঁদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ করেনি। তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এবার বিধানসভা ঘেরাওয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ারের সঙ্গে বৈঠক করেছেন। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার উপর জোর দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীও আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
তবে সেই আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান পদক্ষেপই এখন প্রয়োজন।







