ওয়েব ডেস্ক : তেহেলকার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে (Tarun Tejpal) ২০১৩ সালের যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত করল বম্বে হাইকোর্টের (Bombay High Court) গোয়া বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসানদেকরের ডিভিশন বেঞ্চ ২০২১ সালে গোয়ার সেশনস কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে এই নির্দেশ দেয়। আদালত ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে।
মামলাটি তেহেলকার (Tehelka) এক মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছিল। অভিযোগ, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় একটি অনুষ্ঠানের সময় হোটেলের লিফটের ভিতরে তরুণ তেজপাল তাঁকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। ২০২১ সালে সেশনস কোর্ট প্রমাণের অভাব দেখিয়ে তাঁকে খালাস করে দিলেও সেই রায় নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল।
আরও খবর : জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে এখনই গ্রেফতার নয়, অন্তর্বর্তী রক্ষাকবচ সুপ্রিম কোর্টের
গোয়া সরকারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে মামলার পুনর্বিচার হয়। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, নিম্ন আদালত অভিযোগকারীর আচরণকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ উপেক্ষা করেছে। বিশেষ করে অভিযোগ প্রকাশ্যে আসার পর তরুণ তেজপালের পাঠানো ক্ষমাপ্রার্থনার ই-মেলকেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরা হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তরুণ তেজপাল (Tarun Tejpal)। তিনি নিজের বয়স ও পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করে আদালতের কাছে নমনীয়তা দেখানোর আবেদন জানান। তবে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে জানায়, সাজা কত হবে তা নিয়ে পৃথক শুনানি হবে। এই বহুচর্চিত মামলার বিস্তারিত রায় এখনও প্রকাশ করা হয়নি। তরুণ তেজপালের হয়ে লড়া সিনিয়র আইনজীবী অবোধ পন্ডা রায়দান আট সপ্তাহের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান, যাতে তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন।







