ওয়েব ডেস্ক : জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে, আপাতত সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
জমি দুর্নীতি মামলায় গ্রেফতারের আশঙ্কায় বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায় (Sumit Roy)। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন করা হলে বৃহস্পতিবারই বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হয়। শুনানির পর আদালত অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেও তদন্তে সহযোগিতা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি, তাঁকে তলব করার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর : প্লাস্টিকের নোট আসছে ভারতে! কবে থেকে মিলবে হাতে, জানাল আরবিআই গভর্নর
শালবনিতে সরকারি জমি দখল ও ভুয়ো নথির মাধ্যমে তা বিক্রির অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ, জাল নথি ব্যবহার করে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মামলার তদন্তভার নেয় সিআইডি। ইতিমধ্যেই সুমিত রায়ের বাড়িতে তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি।
এর আগে এই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিলেন সুমিত রায়। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। যদিও চাকরি দুর্নীতির একটি পৃথক মামলায় তিনি শর্তসাপেক্ষে আগাম জামিন পেয়েছিলেন। এবার জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে স্বস্তি মিলল তাঁর।







