ওয়েব ডেস্ক : ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের (Spain) মানুষের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি (Lionel Messi)। স্পেনের মাদ্রিদের পার্শ্ববর্তী সিয়েরা অয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৮ লক্ষ টাকা। এই অর্থ দাবানলে ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নির্মাণের কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্পেনে ইতিমধ্যেই প্রায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অতিরিক্ত তাপ ও ধোঁয়ার কারণে আকাশে তৈরি হয়েছে বিরল ‘ফায়ার থান্ডারস্টর্ম’, যা নতুন করে বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে দিচ্ছে।
আরও খবর : শাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার চেষ্টা, আগুন ধরানোর অভিযোগে চাঞ্চল্য
আর্জেন্টিনার হয়ে খেললেও লিওনেল মেসির (Lionel Messi) ফুটবল জীবনের বড় অংশ জুড়ে রয়েছে স্পেন। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা থেকে শুরু করে বিশ্ব ফুটবলে উত্থানের পথ তৈরি হয়। দীর্ঘদিন বার্সেলোনার জার্সিতে খেলার পাশাপাশি স্প্যানিশ পাসপোর্টও রয়েছে তাঁর। সেই সম্পর্কের টানেই স্পেনের এই দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মেসি।
মাদ্রিদের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো মেসির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জানান, আর্জেন্টিনার মহাতারকা নিজে থেকেই আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। অনুদানের অর্থ যেন সঠিকভাবে দুর্গতদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন।







