ওয়েব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan) মাগুরার বাড়িতে বুধবার রাতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে একদল দুষ্কৃতী বাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরানোর চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। তবে পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
মাগুরা সদর থানার পুলিশ (Police) জানিয়েছে, হামলাকারীরা বাড়ির জানালার কাচ ভেঙে আগুন লাগানোর চেষ্টা করে। ঘটনায় কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর : ক্রিকেটের বাইরেও ঈশানের আরেক জীবন, RBI-এর অফিসার হিসেবেও সামলান দায়িত্ব, বেতন কত জানেন?
ঘটনার কয়েক ঘণ্টা আগেই দিল্লি থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাকিব আল হাসান। আওয়ামী লীগের সমর্থকদের দাবি, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জেরেই হামলার ঘটনা ঘটতে পারে। তবে এই দাবির পক্ষে এখনও কোনো সরকারি প্রমাণ মেলেনি এবং প্রশাসনও এমন কোনো যোগসূত্র নিশ্চিত করেনি।
বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পরিবর্তনের পর থেকে শাকিব আল হাসান দেশে ফেরেননি। আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ হিসেবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বসবাস করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলেও তিনি আগেই জানিয়েছেন। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।







