নয়াদিল্লি: বাজেট পেশের আগে উত্তেজনার পারদ চড়ল রাজধানীতে। দিল্লি বিধানসভায় (Delhi Assembly) একের পর এক বোমা হামলার হুমকি (Bomb Threat) ঘিরে চাঞ্চল্য ছড়াল সাতসকালেই। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta) বাজেট (Delhi State Budget) পেশের ঠিক আগেই এই হুমকি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজধানীর রাজসভায়। পরপর হুমকি আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ২৮ মিনিট নাগাদ প্রথম হুমকিমূলক ইমেল আসে। এরপর সকাল ৭টা ৪৯ মিনিটে বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তার উদ্দেশ্যে আরেকটি ইমেল পাঠানো হয়। হুমকি ইমেলে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিত্বের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রিসভার সদস্য মণজিন্দর সিং সিরষা। ইমেলের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: যোগীরাজ্যে ভয়াবহ ঘটনা! চারিদিকে ছড়িয়ে পড়ল বিষাক্ত গ্যাস
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানী দিল্লিতে বারবার বোমা হুমকির ঘটনা সামনে আসছে। গত ফেব্রুয়ারি মাসে একাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তার আগে ২৯ জানুয়ারি রাজধানীর পাঁচটি নামী স্কুলে একই ধরনের হুমকি ইমেল আসে। তালিকায় ছিল দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, চিত্তরঞ্জন পার্কের ডন বসকো স্কুল, আনন্দ নিকেতন ও দ্বারকার কারমেল কনভেন্ট ক্যাম্পাস। এছাড়াও ২৮ জানুয়ারি দ্বারকা আদালত চত্বরেও বোমা হামলার হুমকি পাওয়া যায়, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়। শুধু স্কুল বা আদালত নয়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টেও বোমাতঙ্ক ছড়ায়। হুমকি ইমেল পাওয়ার পর পুরো আদালত খালি করে তল্লাশি চালানো হয়। বিচারপতি থেকে শুরু করে আইনজীবী—সকলকেই এজলাস ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয়। এমনকি নির্দিষ্ট সময় বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছিল ওই মেলে।
দেখুন আরও খবর:







