ওয়েব ডেস্ক: ভারত-চিন সম্পর্কের (India China Relationship) টানাপোড়েনের মধ্যেই নতুন আশার আলো। দীর্ঘ ছ’বছর বন্ধ থাকার পর ফের বাণিজ্যের জন্য খুলতে চলেছে সিকিমের (Sikkim) ঐতিহাসিক নাথু-লা গিরিপথ। সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। আগামী আগস্ট থেকেই এই প্রাচীন সিল্ক রুট (Silk Route) দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে।
হিমালয়ের বুকে অবস্থিত নাথু-লা শুধু একটি সীমান্ত পথ নয়, এটি ভারত ও তিব্বতের মধ্যে বহু পুরনো বাণিজ্যিক যোগাযোগের অন্যতম মাধ্যম। ২০০৬ সালের ৬ জুলাই দীর্ঘ বিরতির পর এই পথ দিয়ে ফের সীমান্ত বাণিজ্য শুরু হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালে তা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন
নাথু-লা দিয়ে মূলত তিব্বত থেকে ভারতে আসে কাঁচা রেশম, পশম, ইয়াকের লোম এবং মাটির তৈরি সামগ্রী। এই বাণিজ্যের উপর নির্ভরশীল সিকিমের বহু ব্যবসায়ী ও পরিবহন কর্মী। প্রতি বছর সাধারণত মে থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ছ’মাস এই পথ বাণিজ্যের জন্য খোলা থাকে।
কূটনৈতিক স্তরেও সাম্প্রতিক সময়ে ভারত-চিন সম্পর্ক উন্নয়নের উদ্যোগ দেখা গিয়েছে। বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনায় নাথু-লা-সহ তিনটি গিরিপথ দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হয়। এরপর দুই দেশের মধ্যে যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়ন নিয়েও নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
নাথু-লা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সড়ক ও রেল পরিকাঠামোয় জোর দিচ্ছে ভারত। সেভক-রংপো রেল প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। ভবিষ্যতে এই রেলপথ নাথু-লা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি রংলি-মেনলা সড়ক উন্নয়ন এবং বিকল্প জাতীয় সড়ক তৈরির কাজ চলছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অতীতে নাথু-লা দিয়ে বাণিজ্যের পরিমাণ খুব বড় না হলেও কৌশলগত দিক থেকে এই পথের গুরুত্ব অনেক। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হওয়া শুধু অর্থনৈতিক নয়, ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।







