ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লির (Delhi) রাজনৈতিক অন্দরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। কেন্দ্রে এনডিএ সরকারের তৃতীয় দফার মেয়াদ দু’বছর অতিক্রম করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে। শুধু মন্ত্রিসভাই নয়, বিজেপির সাংগঠনিক কাঠামোতেও একাধিক পরিবর্তন আনার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে খবর।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের রদবদলে সরকার ও সংগঠনের মধ্যে ভারসাম্য বজায় রাখার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে সাংগঠনিক দায়িত্বে পাঠানো হতে পারে, আবার দলের সাংসদদের মধ্য থেকে নতুন কয়েকটি মুখকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তুলে আনার সম্ভাবনাও রয়েছে। ফলে বর্তমান মন্ত্রিসভার একাংশের দায়িত্বে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই সমস্ত জল্পনার মধ্যেই নতুন করে সামনে এসেছে উপপ্রধানমন্ত্রীর (Deputy Prime Minister) পদ নিয়ে আলোচনা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশে এই পদে কাউকে দেখা যায়নি। তবে রাজনৈতিক মহলে এখন গুঞ্জন, বিশেষ পরিস্থিতিতে জোটের ভারসাম্য ও প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী করতে বিজেপি শীর্ষ নেতৃত্ব উপপ্রধানমন্ত্রীর পদ পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করছে।
আরও খবর : প্রতিরক্ষা শক্তি বাড়াতে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, কেনা হতে পারে এক লক্ষ কোটি টাকার অস্ত্র!
সম্ভাব্য নামের তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নাম। সরকার ও সংগঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। পাশাপাশি বিহারের অভিজ্ঞ নেতা নীতীশ (Nitish Kumar) কুমারের নামও আলোচনায় উঠে এসেছে। এনডিএ-র গুরুত্বপূর্ণ শরিক জেডিইউ-র পক্ষ থেকেও তাঁকে উপপ্রধানমন্ত্রী করার দাবি প্রকাশ্যে তোলা হয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর।
উল্লেখ্য, দেশের শেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। অটল বিহারী বাজপেয়ীর সরকারে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। এরপর মনমোহন সিংয়ের দশ বছরের শাসনকাল এবং নরেন্দ্র মোদির টানা প্রধানমন্ত্রিত্বে আর কাউকে এই পদে নিয়োগ করা হয়নি।
দেখুন অন্য খবর :







