HomeScrollরথের রশি ধরতে হুড়োহুড়ি, পুরীতে পদপিষ্ট ১২০, মৃত্যু ১-এর! হাসপাতালে বহু পুণ্যার্থী
Puri Rath Yatra 2026

রথের রশি ধরতে হুড়োহুড়ি, পুরীতে পদপিষ্ট ১২০, মৃত্যু ১-এর! হাসপাতালে বহু পুণ্যার্থী

আহত ও অসুস্থদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওয়েব ডেস্ক: রথযাত্রার (Rath Yatra 2026) পুণ্যলগ্নে ভিড়ের চাপে বড় দুর্ঘটনা পুরীতে (Puri)। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে অন্তত ১২০ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত ও অসুস্থদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই শ্রীক্ষেত্র পুরীতে ছিল উপচে পড়া ভিড়। দেশ-বিদেশ থেকে আসা লক্ষাধিক ভক্ত রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের দর্শনের অপেক্ষায় ছিলেন। রথের রশি ধরার জন্য একসঙ্গে বহু মানুষ এগিয়ে আসতেই আচমকা শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান এবং পদপিষ্ট হন।

আরও পড়ুন: রাস্তা ঝাঁট দিয়ে ইসকনের রথযাত্রার সূচনা শুভেন্দুর

প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মী এবং বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠায়। ওড়িশা পুলিশের বিশেষ উদ্ধারকারী বাহিনী (SRU) জানিয়েছে, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া বহু ভক্তকে প্রাথমিক চিকিৎসা, অক্সিজেন সহায়তা দিয়ে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আহতদের অধিকাংশই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়েছেন। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রথযাত্রাকে ঘিরে আগেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। মন্দির চত্বরে মোতায়েন ছিল হাজার হাজার পুলিশকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল ও চিকিৎসক দল। তবু বিপুল জনসমাগমের জেরে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News