ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কা (Srilanka) সফর শুরুর আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ। কলম্বোয় অনুশীলনের সময় দু’বার চোট পেলেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ব্যাটিং করার সময় বাঁহাতি পেসার গুরনুর ব্রারের একটি বল গিয়ে লাগে গিলের ডান হাতের বুড়ো আঙুলে। আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে ফিজিও এসে তাঁর বুড়ো আঙুলে ব্যান্ডেজ বেঁধে দেন। প্রাথমিক চিকিৎসার পর ফের ব্যাটিংয়ে ফিরে যান গিল। পরে স্পিনারদের বিরুদ্ধেও দীর্ঘ সময় অনুশীলন করেন তিনি।
আরও খবর : মাঠেই বজ্রপাত! খেলা চলাকালীন প্রাণ গেল ২৪ বছরের ফুটবলারের
এরপর প্রথম স্লিপে ফিল্ডিং অনুশীলনের সময় আরও একবার আঘাত পান ভারতীয় অধিনায়ক। যদিও দ্বিতীয়বার আঘাত পাওয়ার পর যন্ত্রণায় হাত ধরে বসে পড়েন। সূত্রের খবর, অধিনায়কের চোট গুরুতর নয়। প্রস্তুতি ম্যাচ খেলতে তাঁর সমস্যা হবে না।
ভারতীয় দল ইতিমধ্যেই শ্রীলঙ্কায় (Srilanka) পৌঁছে প্রস্তুতি শুরু করেছে। ১৫ অগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ অগস্ট থেকে কলম্বোর এসএসসি মাঠে অনুষ্ঠিত হবে। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানে শক্তিশালী সূচনা করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে গৌতম গম্ভীরের কোচিংয়ে শুভমন গিলের ভারত।







