ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna yojana) নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তিনি জানান, সমাজমাধ্যমে ভুয়ো ও বিভ্রান্তিকর প্রচারের জেরেই উপভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার নির্ধারিত নিয়ম মেনেই যোগ্য আবেদনকারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, প্রথম দুই ধাপে যথাক্রমে ২৮ লক্ষ এবং ১.১৯ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। এরপর সর্বশেষ পর্যায় পর্যন্ত আরও ২.১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে সেই সমস্ত আবেদন ও নথির যাচাই প্রক্রিয়া চলছে।
আরও খবর : বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক
তিনি জানান, যাচাই শেষে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ অগস্ট থেকে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নিয়মিতভাবে অর্থ পাঠানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “যত দিন বিজেপি সরকার থাকবে, তত দিন টাকা পাঠানো হবে। ১০০ বছর বিজেপি সরকারে থাকবে। কারণ, তারা উন্নয়নের কাজ করবে।”
এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার (Annapurna yojana) সুবিধা যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সমাজমাধ্যমে ভুয়ো তথ্যের বদলে শুধুমাত্র সরকারি ঘোষণার উপর ভরসা করার পরামর্শও দেন তিনি।







