নদিয়া: এসআইআর সংক্রান্ত শুনানি (SIR Hearing) এখনও চলছে, এর মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিএলও-দের (BLO) অসন্তোষ ও আন্দোলন (Protest)। অযথা শুনানির নোটিশ দিয়ে ভোটারদের হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে নদিয়ার (Nadia) চাপড়ায় বুধবার বিক্ষোভে নামলেন বিএলও-রা। প্রথমে চাপড়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। পরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে শামিল হন।
বিএলও-দের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলা বানানের সামান্য মিসম্যাচের ভিত্তিতে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। এর ফলে অকারণে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। সেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে মাঠপর্যায়ে কাজ করা বিএলও-দের। ভোটারদের চাপ ও অভিযোগের ভার এসে পড়ছে তাঁদের উপরই। এই পরিস্থিতির প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন চাপড়ার বিএলও-রা।
আরও পড়ুন: SIR শুনানির নোটিস ঘিরে উত্তেজনা, BDO অফিসে ভাঙচুর!
একই ছবি উঠে এসেছে হাওড়া এবং মুর্শিদাবাদেও। বুধবার হাওড়ার ডোমজুর বিডিও অফিসে বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪০ থেকে ১৫৭ নম্বর পার্টের মোট ১৭ জন বিএলও একসঙ্গে ইস্তফাপত্র জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁরা বিডিও মারফত ইআরও-র কাছে ইস্তফাপত্র জমা দিতে হাজির হন।
মুর্শিদাবাদের ফরাক্কাতেও বিএলও-দের অভিযোগ প্রায় একই। তাঁদের দাবি, নির্বাচন কমিশন বারবার নির্দেশিকা বদল করায় কাজ করতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার উপর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় বহু মানুষ ক্ষোভ প্রকাশ করছেন, যার মুখে পড়তে হচ্ছে বিএলও-দের। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনও ইস্তফাপত্র গৃহীত হয়নি।
দেখুন আরও খবর:







