Homeরাজ্যটেকনিশিয়ান থেকে এমবিবিএস ডাক্তার! রাজ্যে ৫ ভুয়ো চিকিৎসকের হদিস, সরকারি চিকিৎসাতেও যুক্ত...
False Doctors

টেকনিশিয়ান থেকে এমবিবিএস ডাক্তার! রাজ্যে ৫ ভুয়ো চিকিৎসকের হদিস, সরকারি চিকিৎসাতেও যুক্ত ৩

অভিযোগের তালিকায় থাকা একজন পূর্ব বর্ধমান জেলার প্রায় ২৫ থেকে ২৬টি নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করতেন বলে দাবি করা হয়েছে।

ওয়েব ডেস্ক: টেকনিশিয়ান হিসেবে কাজ করার পরই বদলে গেল পরিচয়! রাতারাতি হয়ে গেলেন এমবিবিএস ডাক্তার (MBBS Doctor)! রাজ্যে এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় চিকিৎসক মহল। অভিযোগ, ইতিমধ্যেই পাঁচজন ভুয়ো চিকিৎসকের হদিস মিলেছে। আর তাঁদের মধ্যে তিনজন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গেও যুক্ত বলে দাবি করা হয়েছে। বাকি দু’জন রাজ্যের বিভিন্ন এলাকায় বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা করছেন বলে অভিযোগ। ভুয়ো শংসাপত্র দেখিয়ে কীভাবে চিকিৎসার লাইসেন্স মিলল, উঠছে সেই প্রশ্নও।

এমন চাঞ্চল্যকর দাবি করেছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম, বা APHN। সংগঠনের সম্পাদক চিকিৎসক রাজীব পাণ্ডের দাবি, বিহার মেডিক্যাল কাউন্সিলের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তিনজন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করেছিলেন। এরপর সেই রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসার লাইসেন্সও নিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই চিকিৎসক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

অভিযোগের তালিকায় থাকা একজন পূর্ব বর্ধমান জেলার প্রায় ২৫ থেকে ২৬টি নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করতেন বলে দাবি করা হয়েছে। অন্য একজন উত্তর ২৪ পরগনার বারাসতে একটি নার্সিংহোম পরিচালনার পাশাপাশি কলকাতার উপকণ্ঠ নিউ টাউনে একটি ডার্মা ক্লিনিকও চালাতেন বলে অভিযোগ। একই ব্যক্তি কীভাবে গাইনি এবং ডার্মাটোলজি, দুই ভিন্ন ক্ষেত্রে চিকিৎসা করছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, তবে কি এবার বিদায়ের পথে বর্ষা? কী বলছে হাওয়া অফিস

এখানেই শেষ নয়। APHN-এর দাবি, অভিযুক্ত ওই দুই চিকিৎসক স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। পাশাপাশি আরও তিনজন ভুয়ো চিকিৎসক সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বলেও দাবি সংগঠনের।

প্রশ্ন উঠছে—

১) ভুয়ো শংসাপত্র ব্যবহার করে যদি সত্যিই মেডিক্যাল রেজিস্ট্রেশন নেওয়া হয়ে থাকে, তাহলে সেই নথি যাচাইয়ের ক্ষেত্রে কোথায় ছিল গলদ?

২) কীভাবে তাঁরা এতদিন ধরে চিকিৎসা করলেন?

৩) আর সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠা তিনজনের ক্ষেত্রেই বা কীভাবে এই ঘটনা ঘটল?

ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন APHN-এর সম্পাদক রাজীব পাণ্ডে। অভিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা, মেডিক্যাল ডিগ্রি এবং রেজিস্ট্রেশনের বৈধতা দ্রুত যাচাই করা প্রয়োজন বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News