ওয়েব ডেস্ক : রাজ্যের সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (PIL)। মামলাকারীর আইনজীবী ফেরদৌস শামিম আদালতে দাবি করেন, রাজ্যে মোট ৬০টি সংশোধনাগার রয়েছে। অভিযোগ, সেই সংশোধনাগারগুলির ভিতরে বেআইনি অর্থ লেনদেনের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ চলছে।
এই অভিযোগের সমর্থনে সংশোধনাগারের ভিতরে বেআইনি কার্যকলাপ সংক্রান্ত বেশ কিছু নথিও আদালতে পেশ করেন মামলাকারীর আইনজীবী। তাঁর দাবি, এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ইতিমধ্যেই এক জন জেল সুপারকে সাসপেন্ড করেছে।
আরও খবর : ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি, বদল সরকারি ক্যালেন্ডারে
যদিও মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, অভিযোগগুলি জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত। এরপরই রাজ্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের রিপোর্টের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে পারবেন মামলাকারী।তিন সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।







