ওয়েব ডেস্ক : বিশ্বকর্মা পুজোকে (Vishwakarma Puja Holiday) ঘিরে সরকারি ছুটির দিন নিয়ে বড় পরিবর্তন করল রাজ্য সরকার। এতদিন ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি নির্ধারিত ছিল। কিন্তু পুজোর তারিখ ১৮ সেপ্টেম্বর হওয়ায় সেই ছুটির দিনও বদলে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বরের বদলে ১৮ সেপ্টেম্বর রাজ্য সরকারি ছুটি থাকবে।
এই মর্মে অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মীরা ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja Holiday) দিন ছুটি পাবেন। সরকারি ছুটির ক্যালেন্ডারেও এই পরিবর্তন কার্যকর হবে।চলতি বছরের সরকারি ছুটির হিসাবেও রয়েছে একাধিক দিন। এনআই অ্যাক্টের অধীনে থাকা ছুটি এবং রাজ্য সরকারের নির্ধারিত ছুটি মিলিয়ে ২০২৬ সালে মোট ৫১টি সরকারি ছুটি রয়েছে। সেপ্টেম্বর মাসে আগে নির্ধারিত ছুটির সংখ্যা ছিল খুবই কম। বিশ্বকর্মা পুজোর তারিখ সংশোধনের পর সেই ছুটির দিনটি এবার ১৮ সেপ্টেম্বর নির্ধারিত হল।
আরও খবর : শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত
এদিকে অক্টোবর মাসে রয়েছে আরও বড় ছুটির তালিকা। পুজো উপলক্ষে সেই মাসে একাধিক সরকারি ছুটি রয়েছে। পাশাপাশি নির্বাচনের কারণেও কিছু এলাকায় অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে ৬ অক্টোবর সংশ্লিষ্ট এলাকার সরকারি অফিস, আদালত, স্কুল ও কলেজ বন্ধ থাকবে। অর্থাৎ ওই দুই বিধানসভা এলাকার সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য দিনটি ছুটির দিন হিসেবে গণ্য হবে।
এর পর ১৯ অক্টোবর শনিবার এবং ২০ অক্টোবর রবিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটির সমন্বয়ে টানা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।







