ওয়েব ডেস্ক : ধর্মীয় অনুষ্ঠানে সাধারণত ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকেন কথক ও সাধু-সন্তরা। কিন্তু উত্তরপ্রদেশের প্রতাপগড়ে শ্রীরাম কথার আসরে নজর ঘুরে গেল অন্যদিকে। সেখানে হাজির হয়েছিলেন বিহারের ‘গোল্ডেন ম্যান’ (Golden man) প্রেম কুমার সিং। তাঁর গায়ে সোনার গয়নার বিপুল সমাহার দেখে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। গলায় মোটা মোটা চেন, হাতে ভারী কঙ্কন, আঙুলে একাধিক আংটি। সব মিলিয়ে তাঁর শরীরে ছিল প্রায় ৬.৩ কেজি সোনা। এই গয়নার আনুমানিক মূল্য ১০ কোটি টাকারও বেশি।
প্রতাপগড়ের কুণ্ডায় রাজা ভাইয়ার উদ্যোগে আয়োজিত হয়েছিল শ্রীরাম কথা। সেই অনুষ্ঠানেই নিজের চেনা সাজে পৌঁছন প্রেম। তাঁর গয়নার মধ্যে ছিল সোনার চেন, কঙ্কন, আংটি এবং হনুমানজির বিশেষ লকেট। তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় জমে যায়। অনেকে তাঁর সঙ্গে ছবি তোলেন, কেউ আবার সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি। ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই তাঁর সোনার সাজ হয়ে ওঠে চর্চার অন্যতম বিষয়।
আরও খবর : বিয়ের দাবিতে ইনফ্লুয়েন্সারের বাড়িতে যুবক, মারধরের পর মৃত্যু! গ্রেফতার বাবা
বিহারের ভোজপুর জেলার বাসদেবপুর গ্রামের বাসিন্দা প্রেম কুমার সিং। পেশায় তিনি কৃষক ও সরকারি ঠিকাদার। সোনার প্রতি প্রবল আকর্ষণ থেকেই তাঁর এই বিশেষ পরিচিতি। কয়েক ডজন সোনার চেন, আংটি ও মোটা বালা রয়েছে তাঁর সংগ্রহে। শুধু অলঙ্কারেই থেমে নেই তাঁর শখ। ২৪ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া একটি বিশেষ বুলেট বাইকও রয়েছে তাঁর। সোনার গয়না পরার ব্যতিক্রমী অভ্যাসের জেরেই পরিচিতি পেয়েছেন বিহারের ‘গোল্ডেন ম্যান’ হিসেবে।
প্রেমের গয়নার তালিকায় রয়েছে হনুমানজির একটি বিশেষ লকেটও। বিভিন্ন অনুষ্ঠানে বিপুল পরিমাণ সোনা পরে হাজির হওয়াই তাঁর পরিচিতির অন্যতম দিক। প্রতাপগড়ের শ্রীরাম কথাতেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর সাজ দেখতে যেমন ভিড় জমেছিল, তেমনই ছবি তোলার আগ্রহও ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় অনুষ্ঠানের আবহে তাই আলাদা করে আলোচনায় উঠে এলেন বিহারের এই সোনাপ্রেমী ব্যক্তি।







