ওয়েব ডেস্ক : সরকারি বাস (Government Bus) পরিষেবা নিয়ে যাত্রীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। বাসস্ট্যান্ডে মহিলা যাত্রী দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বাস না থামিয়ে চলে যাওয়ার অভিযোগ যেমন রয়েছে, তেমনই বাসের ভিতরে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। এবার সেই সমস্ত অভিযোগের মোকাবিলায় পরিষেবায় সরাসরি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর।
পরিবহণ দফতরের মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানিয়েছেন, নতুন ব্যবস্থায় ডিউটির সময় সরকারি বাসের কন্ডাক্টরদের পোশাকে থাকবে বডি ক্যামেরা। ফলে বাসে কী ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কন্ডাক্টর কীভাবে যাত্রীদের সঙ্গে আচরণ করছেন, কোনও অনিয়ম হচ্ছে কি না—সেসবের উপর নজর রাখা সম্ভব হবে। অভিযোগ উঠলে ক্যামেরায় ধরা পড়া তথ্যও তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
আরও খবর : দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা
যাত্রীদের অভিযোগ জানানোর জন্য একাধিক হেল্পলাইন নম্বরও চালু রাখা হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জন্য ৯০৪৬২২৯০২৫ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জন্য ৭৬৯৯৯৯৩৯৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। CTC বা EBSTC-এর ক্ষেত্রে ৮৬৯৭৭৩৩৩৯২ এবং ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বর দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের যাত্রীরা ৯৪৩২৫৯৭০৯৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন। বাসে যাতায়াতের সময় কোনও জরুরি সমস্যা, হয়রানি বা পরিষেবা সংক্রান্ত অভিযোগ হলে সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে বিষয়টি জানানো যাবে।
শুধু নজরদারি বাড়ানোই নয়, সরকারি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের। দুর্গাপুজোর সময়ের মধ্যেই একাধিক নতুন এসি ও নন-এসি বাস রাস্তায় নামানোর কথা জানানো হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন রুটে প্রায় ১০০০ নতুন সরকারি বাস চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।







