ওয়েব ডেস্ক : আসন্ন পুরভোটের আগে কলকাতা ও হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসে (Kolkata And Howrah Ward Delimitation) চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ এবং হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ করা হবে। আগামী ১২ অগাস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ করা হবে।
প্রথমে কলকাতায় ২০০টি ওয়ার্ড করার পরিকল্পনা থাকলেও সীমানা পুনর্বিন্যাসের সময় একাধিক প্রশাসনিক জটিলতা সামনে আসে। প্রতিটি ওয়ার্ডে প্রায় সমসংখ্যক ভোটার রাখার লক্ষ্যে শেষ পর্যন্ত ২০৯টি ওয়ার্ডের প্রস্তাব তৈরি করে পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। তবে বরোর সংখ্যা অপরিবর্তিত রেখে ১৬-ই রাখা হচ্ছে বলে সূত্রের খবর।
আরও খবর : ১৫ আগস্টের মধ্যে LPG e-KYC না করলে মিলবে না ভর্তুকি! গ্যাস কিনতে হতে পারে অনেক বেশি দামে
অন্যদিকে, দীর্ঘদিন নির্বাচন না হওয়া হাওড়া পুরনিগমেও নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ হয়েছে। ৫০টি ওয়ার্ডের পরিবর্তে ৬৮টি ওয়ার্ড গঠন করা হবে। সংশোধনী বিল পাস হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশন সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করা, সর্বদল বৈঠক এবং চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের মতো পরবর্তী প্রক্রিয়া শুরু করবে।
নবান্ন সূত্রে খবর, নভেম্বরের শেষেই কলকাতা (Kolkata) ও হাওড়ায় (Howrah) পুরভোট আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। শুধু এই দুই পুরনিগমই নয়, যেসব পুরসভায় বর্তমানে প্রশাসক দায়িত্বে রয়েছেন, সেখানেও একই নির্বাচনী সূচিতে ভোট করানোর পরিকল্পনা রয়েছে। ১২ অগস্ট বিধানসভায় সংশোধনী বিল পাস হওয়ার পরই সেই প্রক্রিয়া আরও গতি পাবে।







