HomeScrollগরুচোর সন্দেহে ভয়াবহ গণপিটুনি মাটিগাড়ায়, প্রাণ গেল এক যুবকের, গ্রেফতার ৪
Siliguri

গরুচোর সন্দেহে ভয়াবহ গণপিটুনি মাটিগাড়ায়, প্রাণ গেল এক যুবকের, গ্রেফতার ৪

ভোররাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। এরপর তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়েব ডেস্ক : ভোরের অন্ধকারে গাড়ি নিয়ে এলাকায় ঘোরাঘুরি। সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই সন্দেহ পরিণত হল ভয়াবহ গণপিটুনিতে। শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ার তারাবাড়ি এলাকায় গরুচোর সন্দেহে দুই যুবককে আটকে মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্য যুবক।

শনিবার ভোরে বালাসন নদীর ধারে কয়েকজন অপরিচিত যুবককে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির একাধিক অভিযোগ থাকায় তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপরই স্থানীয়দের একাংশ গাড়িগুলির পিছু নেন। ধাওয়ার মধ্যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও দু’জনকে ধরে ফেলেন স্থানীয়রা। দুটি গাড়িও আটকে দেওয়া হয়। অভিযোগ, এরপরই আটক দুই যুবকের উপর চড়াও হন উত্তেজিত জনতার একাংশ। শুরু হয় মারধর।

আরও খবর :  পুজোর মরসুমে পুলিশকর্মীদের ছুটি কার্যত বন্ধ! ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত জারি কড়া নির্দেশিকা

শুধু গণপিটুনিতেই থামেনি পরিস্থিতি। আটক করা দুটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে মাটিগাড়া (Matigara) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। অন্য যুবক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে শনিবার সকাল থেকেই ধরপাকড় শুরু করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News