HomeScrollবর্ষা বিদায়ের মুখেও বৃষ্টির দাপট, সপ্তাহভর ভিজতে পারে বাংলা
Weather Update

বর্ষা বিদায়ের মুখেও বৃষ্টির দাপট, সপ্তাহভর ভিজতে পারে বাংলা

দক্ষিণবঙ্গে কমেছে বর্ষার জোর, তবু কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা; উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা

ওয়েব ডেস্ক : বর্ষা বিদায়ের সময় এগিয়ে এলেও আপাতত স্বস্তি নেই বাংলার আবহাওয়ায় (Weather)। পড়শি রাজ্যগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও তার প্রভাব পুরোপুরি কাটেনি। বরং তিনটি অক্ষরেখা এবং দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আগের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু রোদের তেজের মাঝেই আচমকা বৃষ্টি নামছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। কোথাও কয়েক মিনিটের বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়। বৃষ্টির পরেই বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ফিরছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও খবর :  কুনোয় ফের চিতার কিলকারি! একসঙ্গে ৫ শাবকের জন্ম, ভারতে বেড়ে চিতার সংখ্যা ৬০

বুধবার আবহাওয়ার প্রভাব আরও বিস্তৃত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহের শেষেও পুরোপুরি বৃষ্টি থেকে মুক্তি মিলবে না। শনিবার পর্যন্ত বিভিন্ন জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গেও আবহাওয়া বেশ সক্রিয়। সোমবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News