ওয়েব ডেস্ক : রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে সরকারি খাদ্যসামগ্রী পাওয়ার সুবিধা পান বহু মানুষ। কিন্তু যোগ্য নন এমন ব্যক্তিদের নামেও কার্ড থাকা এবং সেই কার্ডে নিয়মিত রেশন তোলার অভিযোগ রয়েছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতে রেশন কার্ডের তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের পরিচয় বা নথির পাশাপাশি তাঁদের আর্থিক পরিস্থিতি এবং জীবনযাত্রার নানা দিকও এই প্রক্রিয়ায় বিবেচনায় আসছে।
রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। রেশন দোকানে খাদ্যসামগ্রী নেওয়ার আগে গ্রাহকের পরিচয় যাচাই করা হচ্ছে। মেশিনের মাধ্যমে তথ্য স্ক্যান এবং বায়োমেট্রিক যাচাইয়ের পর রেশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। একইসঙ্গে কার্ডের (Ration Card) যোগ্যতা যাচাইয়ের সময় পরিবারের আয়, জমি, যানবাহন এবং বাড়িতে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রীর তথ্যও খতিয়ে দেখা হতে পারে।
শহরাঞ্চলে কোনও পরিবারের পাকা বাড়ি, চার চাকার গাড়ি, বাইক বা স্কুটি রয়েছে কি না, তা যাচাইয়ের অংশ হতে পারে। এসি, কম্পিউটার বা ল্যাপটপ, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিংবা ল্যান্ডলাইন ফোনের মতো সুবিধাও বিবেচনায় আসতে পারে। পরিবারের কোনও সদস্য আয়কর দেন কি না বা সরকারি চাকরিতে রয়েছেন কি না, সেই তথ্যও যাচাই করা হতে পারে। অর্থাৎ শুধুমাত্র রেশন কার্ডের তথ্য নয়, পরিবারের সামগ্রিক আর্থিক অবস্থার ছবিটিও দেখা হচ্ছে।
আরও খবর : বিধবা ভাতা পেলেও মিলবে অন্নপূর্ণার ৩ হাজার! আর কোন কোন নিয়ম শিথিল, জানাল রাজ্য
গ্রামাঞ্চলে আবার সম্পত্তি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। ট্র্যাক্টর, নির্দিষ্ট কৃষিযন্ত্র, টু-হুইলার, থ্রি-হুইলার বা চার চাকার যানবাহনের মালিকানা যাচাই করা হতে পারে। মাছ ধরার কাজে ব্যবহৃত বোট থাকলেও তা বিবেচনায় আসতে পারে। পাশাপাশি পরিবারের কারও নামে ৫০ হাজার টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে, মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি আয় হলে কিংবা আয়কর দেওয়া হলে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পাঁচ একর বা তার বেশি দুই বা তিন ফসলি জমির মালিকানাও যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি—বাড়িতে ফ্রিজ, বাইক বা এসি থাকলেই সরাসরি রেশন কার্ড (Ration Card) বাতিল হয়ে যাবে, এমনটা নয়। সংশ্লিষ্ট সরকারি নিয়ম, পরিবারের প্রকৃত আর্থিক পরিস্থিতি এবং যাচাইয়ের ফলাফল দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই কার্ডধারীদের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার শর্ত এবং সরকারি যাচাই প্রক্রিয়াই হবে মূল বিষয়।







