বর্ধমান- পূর্ব বর্ধমানের (East Burdwan) ভাতার এলাকায় (Bhatar Area) বেআইনি পাথর ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল প্রশাসন। বৈধ কাগজপত্র ছাড়াই বীরভূম (Birbhum) থেকে শত শত পাথর বোঝাই গাড়ি অবাধে চলাচলের অভিযোগের ভিত্তিতে শুরু হয় এই অভিযান। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর (Department of Land and Land Reforms) মোট ২১টি পাথর বোঝাই ডাম্পার ও লরি আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আটক গাড়িগুলির অধিকাংশের কাছেই বৈধ কাগজপত্র ছিল না। বাকিগুলির চালান আসল না নকল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠনের পর থেকেই বেআইনি বালি, পাথর ও গরু পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন— “রাজ্যে সিন্ডিকেট রাজ চলবে না, বেআইনি কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভাতারের বিজেপি বিধায়ক সোমেন কার্ফা (BJP MLA Somen Karfa) নির্বাচনী প্রচারের সময় থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন, জয়ী হলে এলাকায় বেআইনি পাথর ও বালির গাড়ি চলাচল বন্ধ করবেন। অভিযোগ, মঙ্গলকোট হয়ে ভাতারের উপর দিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার। বিধায়কের আবেদনের পরই জেলা প্রশাসন নজরদারি বাড়ায় এবং শুরু হয় অভিযান।
ভাতারের বিধায়ক সোমেন কার্ফা বলেন, “মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ— অবৈধ টোল, গরু পাচার, ডিসিআর ছাড়া পাথর চালান এবং বেআইনি বালি ব্যবসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। বীরভূম থেকে কেউ যদি বেআইনিভাবে পাথর, বালি, কয়লা বা গরু নিয়ে পূর্ব বর্ধমানের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে বুলডোজার চলবে। সরকারের রাজস্ব কোনও মাফিয়া বা নেতার পকেটে যেতে দেওয়া হবে না।”
আরও পড়ুন- কলকাতা টিভির খবরের জের, বিজেপির সৌজন্যে ঘরে ফিরলেন তৃণমূলের বুথ সহ-সভাপতি
আটক গাড়ির চালক উজির শেখ জানান, “রামপুরহাটে চালান বন্ধ রয়েছে। আমরা চালান কাটিনি, তাই গাড়ি আটক হয়েছে। ভোটের পর থেকেই চালান বন্ধ, কিন্তু পাথর পরিবহণ চলছে। বহু গাড়িই বিনা চালানে চলছে।”
প্রশাসনের এই অভিযানের পর জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে বেআইনি পাথর ব্যবসা নিয়ে যে অভিযোগ উঠছিল, এই অভিযানের পর তা কার্যত সামনে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, প্রশাসনের এই কড়া পদক্ষেপ ভবিষ্যতে বেআইনি কারবার কতটা রুখতে পারে।







