ওয়েব ডেস্ক: যান্ত্রিক বিভ্রাটের (Technical Fault) জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল আপ সরাইঘাট এক্সপ্রেস (Saraighat Express)। ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে রেল (Indian Railways) সূত্রে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) হাওড়া-বর্ধমান কর্ড শাখার যৌগ্রাম স্টেশনের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়া থেকে গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস যৌগ্রাম স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের একটি চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়।
আরও পড়ুন: চাকুলিয়া কাণ্ডে ২০ লক্ষের ক্ষয়ক্ষতি, আটক ১০, এখন কী অবস্থা?
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদরা। দ্রুত চাকার পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু হয়। রেলের তরফে জানানো হয়েছে, বড় কোনও দুর্ঘটনা এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটিকে থামিয়ে যান্ত্রিক পরীক্ষা করা হয়। এই ঘটনার জেরে কর্ড শাখায় কিছু সময়ের জন্য অন্যান্য ট্রেনের সময়সূচিতে সামান্য প্রভাব পড়ে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলের সিপিআরও বেদ প্রকাশ টেলিফোনে জানান, “চাকায় ধোঁয়া দেখা দেওয়ায় ট্রেনটিকে যৌগ্রাম স্টেশনে দাঁড় করানো হয়েছিল। রেলের ইঞ্জিনিয়াররা সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি পুনরায় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে।”
দেখুন আরও খবর:







