ওয়েব ডেস্ক : সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে বর্ষা। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসযাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা থাকছে।
কলকাতায় (Kolkata) সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে। দুপুর কিংবা বিকেলের দিকে শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমানেও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও খবর : ‘তৃণমূলীকরণ হলে বিজেপি থাকবে না’, দলীয় কর্মীদের ফের কড়া বার্তা শমীকের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের দিকের বেশ কয়েকটি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।







