ওয়েব ডেস্ক : পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার তিন দিনের সফর শেষে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। রবিবার তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসন ও দুই স্বাস্থ্য জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আগামী দিনে হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখাসহ কোনও নেশাজাত দ্রব্য বিক্রি করা যাবে না। হাসপাতালের পরিষেবা উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জেলাশাসক নিরঞ্জন কুমার, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী-সহ বিভিন্ন প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে প্রায় দু’ঘণ্টার বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী (Sharadwat Mukherjee)। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অতীতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণেই বিভিন্ন জেলার হাসপাতাল পরিদর্শন করে রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
আরও খবর : বাবার পর ছেলেরও রহস্যমৃত্যু! অপহরণ করে বিষ খাইয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য শান্তিপুরে
মন্ত্রী আরও জানান, আগামী দিনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের কাজের মানে পরিবর্তন না এলে এবং হাসপাতাল থেকে দালালচক্র নির্মূল না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের ইনডোর বিভাগে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের কথা জানান তিনি।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত ও স্বচ্ছ করে তুলতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে বলেও দাবি করেন শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। তাঁর কথায়, ধাপে ধাপে হাসপাতালগুলির পরিষেবা আরও উন্নত করা হবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও সহজ ও কার্যকর করে তোলাই সরকারের লক্ষ্য।







