নদিয়া- শিল্প ধর্মঘট (Industrial strike) ঘিরে নবদ্বীপে (Nabadwip) উত্তেজনা! ব্যাঙ্ক বন্ধ (Bank strike) নিয়ে ম্যানেজার–গ্রাহক বচসা, পথে তৃণমূল (TMC) ! ১২ ফেব্রুয়ারির শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে নদিয়ার (Nadia) নবদ্বীপে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ধর্মঘট সমর্থনকারীদের পোস্টারিং ও পতাকা লাগাতে দেখা যায়। অন্যদিকে, এই ধর্মঘটকে ব্যর্থ করতে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস।
এদিন সকালে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বচসা শুরু হয়। অভিযোগ, ধর্মঘটের কারণে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নবদ্বীপ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুকুমার রাজবংশী।
আরও পড়ুন- হাসিমুখে কথা কল্যাণ-মহুয়ার! অতীত ভুলিয়ে সখ্য গড়ে তুললেন দুই সাংসদ
ব্যাঙ্ক খোলা না থাকার কারণ জানতে চাইলে শাখা ম্যানেজার জানান, তিনি নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক খুলেছিলেন, কিন্তু কর্মীরা কাজে না আসায় পরিষেবা চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে গ্রাহকদের চাপে ব্যাঙ্ক খোলা হলেও ক্যাশিয়ার অনুপস্থিত থাকায় আর্থিক লেনদেন বন্ধ থাকে বলে জানান তিনি। অন্যান্য দাপ্তরিক কাজ আংশিকভাবে চলতে পারে বলেও জানান। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি ব্যাঙ্ক ম্যানেজার।
তৃণমূল নেতা সুকুমার রাজবংশী বলেন, “দীর্ঘ ৩৪ বছর ধরে বনধের রাজনীতি করে বাংলাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ২০১১ সালের পর থেকে রাজ্যে বনধের সংস্কৃতি বন্ধ হয়েছে। এখন আবার বামপন্থীরা সেই পুরনো রাজনীতি ফিরিয়ে এনে বাংলাকে অচল করার চেষ্টা করছে। আমরা তার বিরোধিতা করছি এবং সাধারণ মানুষের পরিষেবা সচল রাখার দাবিতে পথে নেমেছি।” ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







