নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Iran War) আবহে দেশে জ্বালানির দামে বড়সড় পরিবর্তন। একাধিক রাজ্যের পাশাপাশি বাংলা সহ বিভিন্ন জায়গায় পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বাড়িয়েছে বেসরকারি সংস্থা নায়ারা এনার্জি। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে।
সূত্রের খবর, মধ্যপ্রদেশে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। একই ধারা দেখা গিয়েছে বাংলাতেও। বারুইপুরের একটি নায়ারা পাম্প সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বেড়েছে। ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৫.৪১ টাকা এবং ডিজেলের দাম ৯২.০২ টাকা।
আরও পড়ুন: ভোটে কর্মী সংকট, চিকিৎসকরাও প্রিসাইডিং অফিসার! নজিরবিহীন সিদ্ধান্তে চাপে রাজ্য
এই মূল্যবৃদ্ধির জেরে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকের প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি যখন দাম বাড়াচ্ছে না, তখন বেসরকারি সংস্থাগুলি কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছে? পাম্পে আসা ক্রেতাদের একাংশের অভিযোগ, বাজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে বেসরকারি সংস্থাগুলি।
মধ্যপ্রদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় সিং জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণেই এই দাম বৃদ্ধি। তাঁর দাবি, বেসরকারি সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই লোকসানের মুখে পড়ছিল। পেট্রোলের ক্ষেত্রে প্রতি লিটারে প্রায় ২২ টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। সেই কারণেই বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সরকারি নিয়ন্ত্রণে থাকায় দ্রুত দাম পরিবর্তন করে না। কিন্তু বেসরকারি সংস্থাগুলি বাজারদরের সঙ্গে তাল মিলিয়েই মূল্য নির্ধারণ করে। ফলে আগামী দিনে অন্য বেসরকারি সংস্থাও একই পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







