ওয়েব ডেস্ক: বিপক্ষ দলের ডেরায় গিয়ে ম্যাচ ড্র করল মোহনবাগান (Mohun Bagan)। উইকেন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মহূর্তে গোল খেয়ে নিশ্চিত জয় হাতছাড়া হল সবুজ-মেরুন শিবিরের। ১-১ গোলেই বাজল রেফারির শেষ বাঁশি। কাজেই মুম্বই সিটি এফসি-র কাছে হারের পর আরও এক ম্যাচে হাতছাড়া হল পয়েন্ট। আপাতত আইএসএল-এর পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে করে বাগানের কাছে খেতাব জয়ের স্বপ্ন খানিক ফিকেই দেখা যাচ্ছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় জামশেদপুরকে। তবে সুযোগ কাজে লাগিয়ে প্রথম আঘাত হানে মোহনবাগান। ১৫ মিনিটে বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে দুর্দান্ত শটে গোল করেন লিস্টন কোলাকো (Liston Colaco)। তাঁর শট ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে উঠে ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়, যার সামনে গোলকিপারকে সম্পূর্ণভাবে অসহায় দেখায়। এরপর প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। কিন্তু গোল হয়নি। কাজেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় বাগান।
আরও পড়ুন: পাঞ্জাবের বিরুদ্ধে বাদ বরুণ, গ্রিন! হারের গেরো কাটাতে মারকাটারি সিদ্ধান্ত নেবে KKR?
দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলায়। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। সানান মহম্মদ এবং ভিন্সি ব্যারেট্টো উইং থেকে একের পর এক আক্রমণ তুলতে থাকেন। একাধিকবার মোহনবাগানের রক্ষণভাগকে চাপে ফেললেও গোল করতে পারেনি জামশেদপুর। ৮৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে দল। অন্যদিকে, ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হন দিমিত্রি পেত্রাতোস। সেই ভুলেরই মাশুল দিতে হয় মোহনবাগানকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আসে নাটকীয় সমতা। বাঁ দিক থেকে মেসি বউলির ক্রস পেয়ে ফাঁকা জায়গা থেকে সহজ হেডে গোল করেন ঋত্বিক দাস (Ritwik Das)। উল্লেখযোগ্যভাবে, এই ঋত্বিক মোহনবাগান অ্যাকাডেমিরই প্রাক্তন ফুটবলার।
দেখুন আরও খবর:







