কলকাতা: ভোটের ফল প্রকাশের (West Bengal Assembly Election Result 2026) উত্তেজনার মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পোস্ট, “অনেকদিন পর শহরে অপেক্ষা করতে ভালো লাগছে।” আর তাতেই শুরু জল্পনা।
নেটিজেনদের একাংশ ভাবতে শুরু করেন, তবে কি ভোটের ফলের অপেক্ষার কথাই বলছেন ‘বুম্বাদা’? পোস্ট ঘিরে কৌতূহল দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয় আসল রহস্য। ভোট নয়, নতুন ছবির প্রচারেই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট।
আরও পড়ুন: মহড়ায় বসেই আঁকা স্কেচ! সত্যজিতের ‘ঢাল-তরোয়াল হাতে ‘শিশু’ আজ কোন প্রতিষ্ঠানের লোগো জানেন?
প্রসেনজিতের প্রযোজনায় আসছে নতুন সিনেমা ‘অনেকদিন পর’। সেই ছবির নাম ও ট্যাগলাইনই অভিনবভাবে সামনে আনলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন সৌরভ পালোধী, যিনি এর আগে ‘অঙ্ক কী কঠিন’ ছবির জন্য প্রশংসা পেয়েছেন।
জানা গিয়েছে, গল্প লিখেছেন সৌরভ পালোধী ও সৌমিত দেব। মুখ্য ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা, শতরূপা ও বিমল গিরি। এছাড়াও অভিনয়ে থাকছেন শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
সিনেমাটোগ্রাফিতে অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীতে সপ্তক সানাই এবং সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত। ‘এনআইডিয়াস’-এর ব্যানারে তৈরি এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালের নভেম্বরে। অর্থাৎ, ভোটের আবহে ভাইরাল পোস্টের আড়ালে ছিল সিনেমার চমক, প্রসেনজিতের সেই পুরনো মার্কেটিং ম্যাজিকই আবার নজর কাড়ল।







