পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) খণ্ডঘোষে বিজেপির (BJP) দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শনিবার রাতে খণ্ডঘোষ ব্লকের ৫ নম্বর মণ্ডলের বাদুলিয়া বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবেই তাদের দলীয় পতাকা খুলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মীরা পার্টি অফিস সংলগ্ন এলাকায় দলীয় পতাকা লাগিয়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই পতাকা খুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। শনিবার সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে এসে পোড়া পতাকা দেখতে পান বিজেপি কর্মীরা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ভোট পরবর্তী অশান্তি মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার তৃণমূল নেতা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির জেলা মহিলা মোর্চার সহ-সভাপতি পূর্ণিমা সামন্ত, ৫ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানিকচাঁদ রায়, শক্তিকেন্দ্রের প্রমুখ কার্তিক খাঁ-সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। ঘটনাস্থলে দাঁড়িয়েই তাঁরা পুলিশের কাছে দ্রুত তদন্তের দাবি জানান।
বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাদুলিয়া বাজার এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এলাকায় নতুন করে অশান্তির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দাদের একাংশ।







