ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক দিন। তার পর শুরু হবে বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তাকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর এর মাঝেই ব্রাজিলের (Brazil) জাতীয় ফুটবল দলের প্রতি অভিনব সঙ্গীত শ্রদ্ধার্ঘ্য নিয়ে হাজির হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পারকাশন শিল্পী, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা অভিষেক বসু (Abhishek Basu)। তাঁর নতুন বিশ্বসঙ্গীতভিত্তিক অ্যান্থেম ‘সেলেসাও অন সং’ ইতিমধ্যেই ফুটবল ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
অভিষেক বসুর সুর ও ভাবনায় নির্মিত এই বিশেষ সঙ্গীতের সহ-সুরকার প্রয়াত শিল্পী চন্দ্রচূড় মুখোপাধ্যায় (Chandrachur Mukherjee)। যিনি গানটিতে কণ্ঠও দিয়েছেন। ফলে এটি শুধু একটি ফুটবল অ্যান্থেম নয়, বরং এক শিল্পসম্মত স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলিও।
আরও খবর : সৌরভের নিরাপত্তায় বড়সড় কাটছাঁট! এবার কোন ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ‘মহারাজ’?
লাতিন আমেরিকান বিট, ভারতীয় পারকাশন এবং সমকালীন বিশ্বসঙ্গীতের মেলবন্ধনে তৈরি ‘সেলেসাও অন সং’ ব্রাজিলের ফুটবল ঐতিহ্য, আবেগ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের একাত্মতার বার্তা তুলে ধরবে। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিল শুধুমাত্র একটি দল নয়, বরং এক দীর্ঘদিনের আবেগের নাম। সেই আবেগকেই আন্তর্জাতিক সঙ্গীতের ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছেন অভিষেক বসু। গানটি প্রসঙ্গে অভিষেক বসু (Abhishek Basu) বলেন, “ফুটবল এবং সঙ্গীত, দুটোই মানুষের আবেগকে একসূত্রে বাঁধে। ব্রাজিলের ফুটবল দর্শন, তাদের ছন্দ, শক্তি এবং বিশ্বজুড়ে সমর্থকদের ভালোবাসা আমাকে এই সঙ্গীত নির্মাণে অনুপ্রাণিত করেছে।”
ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে অভিষেক বসু (Abhishek Basu) ইতিমধ্যেই একাধিক সম্মানজনক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড, ইন্ডিফেস্ট ক্যালিফোর্নিয়া বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, আমেরিকান ট্র্যাক মিউজিক অ্যাওয়ার্ডস-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মান। বিশ্বকাপের আবেগকে সঙ্গীতে রূপ দেওয়া এই বিশেষ অ্যান্থেম ‘সেলেসাও অন সং’ আগামী ১১ জুন থেকে বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
দেখুন আরও খবর :







