ওয়েব ডেস্ক: আজই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো ভারতীয় সমর্থকরাও প্রস্তুত রাত জেগে মেসি, রোনাল্ডো, এমবাপে, ইয়ামালদের খেলা দেখার জন্য। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের উন্মাদনা। আর সেই আবহেই ভারতীয় দর্শকদের জন্য এল বড় সুখবর—বিনামূল্যেও দেখা যাবে বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। কীভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিশ্বকাপ শুরুর আগে ভারতে সম্প্রচার (FIFA World Cup 2026 Broadcast) স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল। অবশেষে সেই জট কাটিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে ঘোষণা করা হয়েছে জি এন্টারটেইনমেন্টের (Zee5) নাম। বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রচার পরিকাঠামো আরও শক্তিশালী করেছে সংস্থাটি। ইতিমধ্যেই চালু করা হয়েছে চারটি নতুন ক্রীড়া চ্যানেল- ‘ইউনাইট৮ স্পোর্টস ১’, ‘ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি’, ‘ইউনাইট৮ স্পোর্টস ২’ এবং ‘ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি’। এই চ্যানেলগুলির মাধ্যমে টুর্নামেন্টের সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: বিশ্বকাপের মুখে ভক্তদের বড় স্বস্তি দিলেন মেসি! মাঠে নেমে কী করলেন ফুটবলের রাজপুত্র?
এবার মোবাইল, ট্যাবলেট কিংবা ল্যাপটপে বিশ্বকাপ দেখতে হলে ভরসা রাখতে হবে জি৫ প্ল্যাটফর্মের উপর। তবে সেখানে ম্যাচ দেখতে প্রয়োজন হবে আলাদা সাবস্ক্রিপশন। সংস্থার ঘোষিত তথ্য অনুযায়ী, তিন মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যানের মূল্য ১৬৯৯ টাকা। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে প্ল্যাটফর্মের একটি সিদ্ধান্ত ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে দর্শকদের একাংশের মধ্যে। আগে একটি অ্যাকাউন্টে লগইন করলে তিনজন পর্যন্ত ব্যবহারকারী পরিষেবা ব্যবহার করতে পারতেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি যাঁদের আগে থেকেই জি৫-এর সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদেরও বিশ্বকাপ দেখার জন্য অতিরিক্ত ৭৯৯ টাকা খরচ করতে হবে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেটিজেন।
তবে যাঁদের জি-এর স্পোর্টস চ্যানেল বা জি৫-এর সাবস্ক্রিপশন নেই, তাঁদের জন্য রয়েছে সুখবর। দূরদর্শন স্পোর্টস বা ডিডি স্পোর্টস (DD Sports) বিশ্বকাপের নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ১১ জুন। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি দেখা যাবে ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ডিডি স্পোর্টস। শুধু উদ্বোধনী ম্যাচই নয়, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিও দেখা যাবে ডিডি ফ্রি ডিশের মাধ্যমে। ৯, ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ১৪ ও ১৫ জুলাই হবে দুই সেমিফাইনাল। আর ১৯ জুলাইয়ের মহারণ—বিশ্বকাপ ফাইনালও সম্প্রচার করা হবে দূরদর্শনে।
দেখুন আরও খবর:






